ঢাকা | বঙ্গাব্দ

কদম রসুল কলেজে একাদশের ওরিয়েন্টেশন ও নবীনবরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2026 ইং
নবীনবরণ ছবির ক্যাপশন: নবীনবরণ
স্টাফ রিপোটার ঃ
নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী সরকারি কদম রসুল কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রওশন আক্তার।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন, একাডেমিক কাউন্সিলের সম্পাদক জান-ই আলমসহ কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন মাহমুদা ইয়াসমিন ও রেজওয়ানা হক। তাঁরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের শিক্ষকবৃন্দের পরিচয় করিয়ে দেন। পরে অনুষ্ঠানের আহ্বায়ক মাহমুদা ইয়াসমিন স্বাগত বক্তব্য দেন।

শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন নবীন শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং অবসর সময়ে লাইব্রেরিতে পড়াশোনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বন্ধু নির্বাচনে সতর্ক থাকার জন্যও শিক্ষার্থীদের পরামর্শ দেন।

এ ছাড়া একাডেমিক কাউন্সিলের সম্পাদক জান-ই আলম, আবু নোমান, সেলিম মো. কামরুজ্জামান ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
নবীন শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে সরকারি কদম রসুল কলেজের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক রওশন আক্তার জাপানের শিশুদের ছোটবেলা থেকে আত্মনির্ভরশীল হয়ে বেড়ে ওঠার উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের নিজেদের কাজ নিজেরা করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি নিয়মিত শ্রেণিপাঠে অংশগ্রহণের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি কলেজের একাডেমিক কার্যক্রম ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলেজের রোভার স্কাউটের সদস্যরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করেন। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাটওয়াক ও ফ্যাশন শোও অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির পর মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে সরকারি কদম রসুল কলেজের রোভার ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁরা খাবার পরিবেশন, মঞ্চের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং র‍্যাফেল ড্র পরিচালনায় দায়িত্ব পালন করেন।
সবশেষে র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : নারায়ণগঞ্জ আপডেট

কমেন্ট বক্স